Friday, September 18, 2026

নির্বাচনী ইশতেহার জনগণের সঙ্গে একটি সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি: অনিন্দ্য ইসলাম অমিত

Must read

 

দক্ষিন বাংলা ডেস্ক : যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচিসহ সরকারের উন্নয়ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক আজ ১৮ সেপ্টেম্বর ২০২৬ রোজ শুক্রবার বিকালে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের নদীয়ার মোড় বর্মনপাড়ায় অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকার নির্বাচনী ইশতেহারে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। দেশের অস্বচ্ছল প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। কৃষকদের জন্য কৃষি কার্ডের পাশাপাশি প্রধানমন্ত্রী ১০ হাজার টাকা করে কৃষিঋণ মওকুফ করেছে। তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের ভাতার আওতায় আনার কার্যক্রমও শুরু হয়েছে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শুরু হওয়া খালকাটা কর্মসূচি বর্তমান সরকার পুনরায় চালু করেছে।

তিনি আরও বলেন, নির্বিচারে বনভূমি উজাড়ের ফলে দেশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের মাধ্যমে ব্যাপক বনায়ন সৃষ্টির উদ্যোগ নিয়েছে। বিএনপি মনে করে, নির্বাচনী ইশতেহার শুধু রাজনৈতিক প্রতিশ্রুতির দলিল নয়; এটি জনগণের সঙ্গে একটি সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি। তাই ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব এবং তা পালনে আমরা বাধ্য।

যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবদার খান। স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: রেজাউল করিম।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article