আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু হয়েছে। আজ ১৭ নভেম্বর ২০২৬ রোজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে পূজার শুভ সূচনা করা হয়।
কাপসন্ডা গদাইপুর সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের পুরোহিত রনজিত চক্রবর্তী জানান, তিন দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে, মঙ্গলবার মঙ্গলঘট স্থাপন ও দেবীর আবাহনের মধ্য দিয়ে পূজার শুভ সূচনা। শ্রীশ্রী চণ্ডীপাঠ। ভক্তবৃন্দের পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ। ১৮ নভেম্বর ২০২৬ রোজ বুধবার শ্রীশ্রী জগদ্ধাত্রী দেবীর ত্রিকাল বিহিত মহানবমী পূজা। পূজা-অর্চনা ও হোমযজ্ঞ। পুষ্পাঞ্জলি ও মহাপ্রসাদ বিতরণ। ১৯ নভেম্বর ২০২৬ রোজ বৃহস্পতিবার মহা দশমী পূজা। মায়ের প্রদক্ষিণ ও স্তোত্রপাঠ। দর্পণ বিসর্জন ও যাত্রা মঙ্গল। সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
কাপসন্ডা গাদাইপুর সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের সভাপতি কৃষ্ণ ব্যানার্জী জানান, আলোর উৎসবে, ভক্তির আবেশে, মায়ের আগমনে আনন্দে মাতুক সকল প্রাণ। শুভ শক্তির আরাধনায়, ভক্তির অমৃতধারায় আবারও আমাদের মাঝে আবির্ভূতা হবেন জগৎজননী, মহাশক্তিরূপিণী, অসুরনাশিনী মা জগদ্ধাত্রী।
