সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগে করনীয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ জুলাই ২০২৬ রোজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরি ভিত্তিতে এ সভার আয়োজন করা হয়। উপজেলা সম্প্রসারিত ভবনের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার সবিতা সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান কালে তিনি বলেন, সম্প্রতি সময়ে হঠাৎ করে ভারী বর্ষা অব্যাহত রয়েছে। ফলে মানুষের জানমাল পড়ছে হুমকিতে। এরই মধ্যে কিছু কিছু এলাকায় জলাবদ্ধতায় রুপ নিতে যাচ্ছে। খবর পেয়েছি, শোলগাতিয়া ব্রীজের এপ্রোস ভেঙ্গে গেছে। এছাড়া রংপুর ইউনিয়নের একটি পিচের রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে। আবার নদীর পানি প্রবাহিত হয়ে রাস্তা পেরিয়ে উপজেলার রানাই গ্রামে প্রবেশ করছে। শরাফপুরের রতনখালী স্লূইচ গেটও ঠিক নেই। অতি বর্ষায় আরও অনেক কিছু ঘটতে পারে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের জানমাল রক্ষায় উপজেলা প্রশাসনের সকল বিভাগ সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। সেক্ষেত্রে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, সাপে কাটা রোগীর ভ্যাকসিন, বাসযোগ্য সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা ও যাতায়াত ব্যবস্থা নিরাপদ করতে হবে। সর্বোপরি জলাবদ্ধতার ক্ষেত্রে কঠোর নজরদারি রাখতে হবে। সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিল ও অঞ্চল গুলো এখনি চিহ্নিত করা প্রয়োজন। একই সাথে ওইসব এলাকার সংশ্লিষ্ট জনপ্রতিনিধি চেয়ারম্যান,মেম্বার ও রাজনৈতিক নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। জনগুরুত্বপূর্ণ এ সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ ( ওসি) খন্দকার হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ দারুল হুদা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশরাফুল কবীর, উপজেলা মৎস্য অফিসার হোসেন মোহাম্মদ জিল্লুর রহমান রিগান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, ডুমুরিয়া হাসপাতালের ডাঃ হাফিজ আল আহাদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ত্রাণ শাখার প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম তানিম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ শাহাঙ্গীর আলম, রংপুরের চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন কবিরাজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোরঞ্জন দাস, ইউপি সদস্য মাহবুবুর রহমান প্রমুখ।
ডুমুরিয়ায় দুর্যোগ পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের জরুরী সভা, নেয়া হয়েছে নানা উদ্যোগ
