Monday, July 13, 2026

কুয়েটে প্রয়াত শিক্ষার্থী মোঃ রেজওয়ানুল হকের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান

Must read

 

সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রয়াত শিক্ষার্থী মোঃ রেজওয়ানুল হক (রোল: ২১২৭০৫১)-এর শোকসন্তপ্ত পরিবারের হাতে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ ১৩ জুলাই ২০২৬ রোজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ প্রয়াত শিক্ষার্থীর পিতা মোঃ দুরুল হুদা-এর হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন। এ সময় প্রয়াত শিক্ষার্থীর পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সনতলা ইউনিয়নের এনায়েত বয়রা গ্রামের বাসিন্দা এবং কুয়েটের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ রেজওয়ানুল হক গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে শহীদ স্মৃতি হলের ডিএস ক্যান্টিনে বন্ধুদের সঙ্গে চা পান করার সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত প্রায় ২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর অকাল প্রয়াণে কুয়েট পরিবার গভীরভাবে শোকাহত হয়। অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, “মোঃ রেজওয়ানুল হকের অকাল প্রয়াণ কুয়েট পরিবারের জন্য অত্যন্ত মর্মান্তিক ও অপূরণীয় ক্ষতি। একজন শিক্ষার্থীর স্বপ্ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ এভাবে থেমে যাওয়া আমাদের গভীরভাবে ব্যথিত করে। কোনো আর্থিক সহায়তাই একজন সন্তানের অভাব পূরণ করতে পারে না; তবে এই কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। কুয়েট পরিবার সবসময় তার শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।” ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ সালাহ্ উদ্দীন ইউসুফ বলেন, “রেজওয়ানুল একজন বিনয়ী, মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিলেন। তাঁর অকাল প্রয়াণে বিভাগ শুধু একজন শিক্ষার্থীকে নয়, বরং একটি উজ্জ্বল সম্ভাবনাকেও হারিয়েছে। তাঁর পরিবারের এই দুঃসময়ে বিভাগের শিক্ষক, বর্তমান শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেদের মানবিক দায়িত্বের অংশবিশেষ পালন করতে পেরেছি বলে মনে করি।” তিনি আরও জানান, এই ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে কুয়েট পরিবারের আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত আর্থিক অবদানের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত সকলেই প্রয়াত শিক্ষার্থী মোঃ রেজওয়ানুল হকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও অব্যাহত সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article