Friday, September 18, 2026

চিকিৎসাসেবা হতে হবে মানসম্মত, নিরাপদ ও আধুনিক যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

Must read

 

দক্ষিন বাংলা ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আমরা চিকিৎসাসেবা দিতে এসেছি। চিকিৎসাসেবা হতে হবে মানসম্মত, নিরাপদ ও আধুনিক যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেনতেনভাবে চিকিৎসাসেবা দিয়ে আত্মতৃপ্তিতে ভোগার কোন সুযোগ নেই। প্রতিটি নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্টদের এক সাথে কাজ করতে হবে।
তিনি আজ ১৮ সেপ্টেম্বর ২০২৬ রোজ শুক্রবার দুপুরে যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সিজারিয়ান সেকশনসেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি ২০ শয্যাবিশিষ্ট। এটিকে প্রাথমিকভাবে ৩০ শয্যাবিশিষ্টতে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে ৫০ শয্যাবিশিষ্টতে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। এই প্রতিষ্ঠানের সেবার পরিধি কিভাবে আরো বৃদ্ধি করা যায় তা চেষ্টা করা হবে। আগামী ২০২৮ সালের জুনের মধ্যে এখানে একটি নয়তলা ভবন নির্মাণের আশ^াস দেন তিনি।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। স্বাগত বক্তৃতা করেন যশোর পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো: দিলদার হোসেন। এসময় যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সিভিল সার্জন ডা. মো: মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সিজারিয়ান সেকশনসেবা কার্যক্রমের উদ্বোধন করেন এবং ভর্তি মা ও নবজাতক শিশুদের খোঁজ-খবর নেন।
সকালে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুরোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, জীবানুনাশক স্প্রে ও সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি যার যার অবস্থান থেকে উদ্যোগ নিলে ডেঙ্গুরোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১২ সেপ্টেম্বর অনলাইনে যুক্ত হয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। নিজে সচেতন না হলে ডেঙ্গুরোগ প্রতিরোধ করা সম্ভব নয়। যশোরবাসীকে নিরাপদ ও ডেঙ্গুমুক্ত রাখতে আমাদের করণীয় রয়েছে। একটু সচেতন হলেই পরিবারসহ সকলেই নিরাপদ থাকতে পারি।
অনুষ্ঠানে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকালে প্রতিমন্ত্রী চাঁচড়া ইউনিয়নে নদিয়া বর্মন পাড়ায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article