Wednesday, September 9, 2026

পাঁচ বছরে সৌরবিদ্যুৎ প্লান্ট থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা-ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

Must read

 

দক্ষিন বাংলা ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ প্লান্ট থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। দেশের পতিত ও অনাবাদি জমি কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌরবিদ্যুৎ ও সোলার প্যানেল ব্যবহারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
মন্ত্রী আজ ০৯ সেপ্টেম্বর ২০২৬ রোজ বুধবার খুলনা শিরোমণি বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে স্থাপিত এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্লান্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাধারণ জনগণ সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপন করলে সরকার তাদের প্রণোদনা হিসেবে এক শতাংশ সুদে ঋণ প্রদান করবে। পাশাপাশি উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ সরকার প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কিনে নেবে। এ উদ্যোগের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, শিল্পনগরী খুলনায় একমাত্র সরকারি ও লাভজনক শিল্পপ্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড সুনামের সঙ্গে টিকে আছে। প্রতিষ্ঠানটির নিজস্ব উদ্যোগে স্থাপিত সৌরবিদ্যুৎ প্লান্ট খুলনাসহ দেশের বিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সৌরবিদ্যুৎ উৎপাদনে এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড খুলনা বিভাগের জন্য পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ বিলকিস জাহান রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের মহাব্যবস্থাপক মো: এনামুল হক ও সিবিএ’র সভাপতি মো: শাহজাহান ও সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন।
সোলার প্লান্টের উদ্বোধন শেষে মন্ত্রী গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article