আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের আর্থিক সহায়তায় এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিস-৩ (ICRDCV-III) প্রকল্পের আওতায় সংস্কারকৃত আশাশুনি সদর বাজারের পাবলিক টয়লেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ২৮ জুন ২০২৬ রোজ রবিবার বিকেল ৫ টায় বাজার চান্নিসেটে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কারকৃত পাবলিক টয়লেটের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস প্রকল্প সমন্বয়কারী (হিউম্যানিটারিয়ান) এস এম মনোয়ার হোসেন, উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, বাজার কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্স ও সেক্রেটারী এবিএম আলমগীর পিন্টু। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২০০ জন মানুষ উপস্থিত ছিলেন।
প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে সংস্কারকৃত এই পাবলিক টয়লেট সংস্কারে প্রকল্পের আর্থিক সহায়তার পাশাপাশি আশাশুনি বাজার বণিক সমিতি প্রায় ৪০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। উদ্বোধনের পর টয়লেটটি আনুষ্ঠানিকভাবে আশাশুনি বাজার বণিক সমিতির নিকট হস্তান্তর করা হয়, যারা এর সার্বিক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। নবসংস্কারকৃত পাবলিক টয়লেটে নারী ও পুরুষের জন্য পৃথক ওয়াশ সুবিধা, প্রতিবন্ধীবান্ধব শৌচাগার, প্রস্রাবখানা এবং গোসলের ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ মানুষ অতি সামান্য ফি প্রদান করে এসব সেবা গ্রহণ করতে পারবেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাজারে আগত নারী, পুরুষ, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এ সুবিধা একটি বড় অবদান রাখবে।” তিনি এ উদ্যোগ বাস্তবায়নের জন্য ইএসডিও, মুসলিম এইড এবং আশাশুনি বাজার বণিক সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক, আইসিআরডিসিভি-৩ প্রকল্প মোঃ শামসুল হক মৃধা। এ সময় প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।ইএসডিও এবং মুসলিম এইড আশা প্রকাশ করেছে যে, এ উদ্যোগের মাধ্যমে আশাশুনি বাজারে আগত হাজারো মানুষ স্বাস্থ্যসম্মত, নিরাপদ এবং সাশ্রয়ী স্যানিটেশন সুবিধা লাভ করবে এবং বাজারের সামগ্রিক স্বাস্থ্য ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
