পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা কর্মসূচির উদ্বোধন বিশ্ব প্রতিযোগিতায় দেশকে এগিয়ে নিতে হলে সাধারণ শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও কারিগরি শিক্ষাকে অধিক গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন খুলনা-৬ কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেন, “আমাদের তরুণদের মধ্যে অদম্য মেধা রয়েছে। তাদের এই মেধাকে কাজে লাগানোর জন্য প্রযুক্তিবান্ধব শিক্ষার অনূকূল পরিবেশ ও সুযোগ করে দিতে হবে। সুযোগ পেলে আজকের তরুণরাই আগামীতে কেউ বিজ্ঞানী, আবার কেউ উদ্যোক্তা হবে।” এজন্য তিনি তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর ও দক্ষ হওয়ার আহবান জানান।
আজ ১২ জুন ২০২৬ রোজ শুক্রবার সকালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশের অধীনে ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এসইভিসি’ এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে।
চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ আরও বলেন, তরুণদের কেবল সনাতনী ভাবধারায় চাকরির পেছনে ছুটে সময় নষ্ট করলে চলবে না। তাদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে, যাতে তারা নিজেরাই নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্যদের জন্যও কর্মের সুযোগ তৈরি করতে পারে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন দায়িত্বরত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা পারভীন। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব, উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুস সামাদ এবং একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী।
জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা কামাল হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, মুজাহিদুল ইসলাম, আসাদুল ইসলাম, তামিম রায়হান, সোহেল ও আল মামুন। ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এমপি আবুল কালাম আজাদ অন্যান্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে ফিতা কেটে কর্মসূচির শুভ উদ্বোধন করেন এবং তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।এই প্রদর্শনীতে উপজেলার মোট ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী প্রযুক্তি ও প্রজেক্ট প্রদর্শন করে। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানের শিক্ষক এবং বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আয়োজন শেষে প্রতিযোগিতায় বিজয়ী উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং সুশিক্ষায় অবদান রাখার জন্য মেধাবী শিক্ষকদের বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
