সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ মে ২০২৬ রোজ শুক্রবার বিকালে ডি.বি ইউনাইটেড হাইস্কুল ফূটবল মাঠে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি কামরুজ্জামান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ এর সঞ্চালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য খেলা-ধুলার গুরুত্ব অপরিসীম। শারীরিক ও মানুষিক বিকাশ এবং সুস্থ জাতি গঠনে খেলা-ধূলা অপরিহার্য ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধূলা শরীর সতেজ রাখে পেশী শক্তিশালী করে এবং মানুষিক চাপ কমিয়ে কর্মক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি করে। সুস্থ থাকতে শরীরচর্চা ও খেলাধুলার কোনো বিকল্প নেই। বিশেষ করে সর্বনাশা নেশার করাল গ্রাস থেকে যুবশক্তিকে রক্ষা করতে খেলাধুলা এক অন্যতম মাধ্যম। যুব সমাজের মধ্যে শৃঙ্খলাবোধ ও দেশাত্ববোধ গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলা উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া টিভির স্টাফ রিপোর্টার মশিউর রহমান ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইমরান হোসেন, বদরুজ্জামান ও সাইফুল ইসলাম প্রমূখ।
টুর্নামেন্টের নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্র হওয়ায় খেলা রূপ নেয় ট্রাইবেকারে। টাইব্রেকারে রামচন্দনপুর ফুটবল দলকে ৫/৪ গোলে পরাজিত করে মাটিয়াডাঙ্গা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর খেলায় চ্যাম্পিয়ন দলকে ৪০০০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ৩০০০ টাকা পুরস্কার প্রদান করা হয়। রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন- কনক মাঝি। সহকারি ছিলেন রনি ও মোখলেছর এবং সার্বিক পরিচালনা আরিফুল ইসলাম।
