পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬ রোজ শনিবার সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
শুরুতেই এক বর্ণাঢ্য র্যালি হাসপাতালের সামনে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে ” দ্রুত ব্যবস্থা নিন,জীবন বাঁচান ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, জুনিয়র কনসালটেন্ট ও গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ডাঃ প্রান্ত সরকার, ডাঃ নয়ন কুমার সরকার, ডাঃ তানভীর আহমেদ, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, প্রধান সহকারী দেবব্রত সরকার, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম, জয়ন্তী, সরোয়ার হোসেন ও শাহআলম। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় সর্পদংশনে মৃত্যু ও অক্ষমতা কমাতে জনসচেতনতার উপর গুরুত্বারোপ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ। তিনি বলেন দেশে সর্পদংশনের যথাযথ চিকিৎসা রয়েছে। সর্পদংশনের পর কোন ওঝা অথবা ঝাড়ফুঁক এর উপর নির্ভর না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এসে চিকিৎসা নিতে হবে।
