সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা)প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হীন যাত্রীবাহী বাস পুকুরের পানিতে ডুবে গেছে। আজ ০৩ জুন ২০২৬ রোজ বুধবার সকালে খুলনা -সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পিসিএফ ফিডের সামনে এ দুঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান এক যাত্রী এবং আহত হয়েছেন কমপক্ষে ৫/৬ জন।
ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন ও হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, পাইকগাছা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ( যার নং পাবনা ব ১৮২)খুলনা অভিমুখে ফিরছিল। পথিমধ্যে ডুমুরিয়া বাসষ্ট্যান্ড ও গুটুদিয়া মোড়ের মাঝামাঝি স্থান পিসিএফ ফিডের কাছে পৌঁছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে ডুবে যায়। এ সময় বাসে থাকা যাত্রীরা জীবন বাঁচাতে আর্তনাদ শুরু করে। তাদের চিৎকার চেঁচামেচিতে ছুটে যায় আশপাশের মানুষ। এর কিছুক্ষণ পরে আসে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের উদ্ধার কর্মীরা। প্রায় এক ঘন্টা ব্যাপী চলে উদ্ধার কার্যক্রম। এ সময় পাইকগাছা উপজেলার খড়িয়া এলাকার সরদার বাড়ির সাইদুর রহমান সাইদ (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পিতার নাম আছাবুর রহমান। এছাড়া আরো ৫ থেকে ৬ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জসিম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, চালকের জন্য বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়েছে। তবে পুকুরে পানির পরিমাণ বেশি থাকায় অনেক মানুষ প্রাণে বেঁচে গেছেন। শুধু একজন যাত্রী মারা গেছেন। ধারণা করা হচ্ছে, উনি হয়তো বাসের সিটে বা অন্য কোন উপায়ে আটকা পড়েছিলেন। যার জন্য বের হতে পারেননি। এছাড়া সামান্য আকারে, হালকা কাটা ছেঁড়ায় আহত হয়েছেন ৫/৬ জন। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ ( ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। আর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের লোকজনরা বাসটি উদ্ধার করেছে।
