সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ার নতুন রাস্তা মোড়ে সরকারি সম্পত্তির ওপরে পাকা স্থাপনা তৈরির অভিযোগ। এ ঘটনায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে নির্মাণকারীদের তলব করা হয়েছে।
জানা যায়, ডুমুরিয়া উপজেলাধীন খণিয়া ইউনিয়নের নতুন রাস্তামোড়ে সরকারি সম্পত্তির ওপরে পাকা দোকান ঘর নির্মাণ কাজ চলছে। যার নেতৃত্বে আছেন টিপনা গ্রামের জুবায়ের ফকির ও বোরহান ফকির নামে দুই ভাই। এরই মধ্যে ইটের গাঁথুনি প্রায় শেষের দিকে। তবে সরকারি সম্পত্তির ওপরে স্থাপনা নির্মাণে স্থানীয় অনেকেই তুলেছেন অভিযোগ। এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে স্থাপনা নির্মাণ কার্যক্রম বন্ধ রাখাসহ তাদেরকে কাগজ পত্রসহ অফিসে তলব করা হয়েছে। তবে ওই সম্পত্তি সৈয়দপুর ট্রাষ্টির আওতাভুক্ত। ফলে এ ধরনের জমিতে কোনো ভাবে পাকা স্থাপনা তৈরির বিধান নেই। তাছাড়া ওই সম্পত্তিটি খুলনা -সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন। আমার জানামতে ওখানে কোন গণশৌচাগার বা যাত্রী ছাউনী নেই। জনস্বার্থে এগুলো গড়ে তোলা দরকার। সেক্ষেত্রে ব্যক্তি স্বার্থে এসব জমি ব্যবহারের সুযোগ নেই।
