সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২০ ব্যাচের বিদায় এবং ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জুলাই ২০২৬ রোজ সোমবার বিকাল ৩ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের ২০১ নম্বর কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আবেগ, স্মৃতি ও আনন্দের এক অপূর্ব মেলবন্ধন ঘটে। বিদায়ী শিক্ষার্থীদের প্রতি শুভকামনা এবং নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আল-মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি প্রফেসর ড. মোঃ আমিনুল হক আকন্দ। অনুষ্ঠানে বিদায়ী ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের স্মৃতিচারণ, শুভেচ্ছা ও বিদায়ী বক্তব্যের মধ্য দিয়ে তাঁদের বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতি তুলে ধরা হয়। দীর্ঘ একাডেমিক পথচলার পর নতুন জীবনের দ্বারপ্রান্তে দাঁড়ানো বিদায়ী শিক্ষার্থীদের প্রতি শিক্ষক ও সহপাঠীদের ভালোবাসা ও শুভকামনা প্রকাশ করা হয়। একইসঙ্গে নবীন ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের সিএসই পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানিয়ে তাঁদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন যাত্রার জন্য শুভকামনা জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল ডিগ্রি অর্জনের সময় নয়; জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ বিকাশেরও গুরুত্বপূর্ণ সময়। প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নিজেদের দক্ষতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি নবীন শিক্ষার্থীদের কুয়েটের সমৃদ্ধ ঐতিহ্য ও গৌরবকে ধারণ করে নিষ্ঠা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও মূল্যবোধকে কর্মজীবনে কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। একইসঙ্গে নবীন শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ অর্জনের পাশাপাশি গবেষণা, উদ্ভাবন, সহশিক্ষা কার্যক্রম ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে ভ্যালেডিক্টরি স্পিচ প্রদান করেন সিএসই বিভাগের ২০২০ ব্যাচের গ্র্যাজুয়েট প্রতিনিধি ফয়সাল মাহমুদ। শিক্ষকবৃন্দের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন বিভাগের প্রফেসর ড. কাজী মোঃ রকিবুল আলম এবং প্রফেসর ড. কে. এম. আজহারুল হাসান। তাঁদের বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের প্রতি স্নেহ, শুভকামনা ও ভবিষ্যৎ সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক তুলে দেন এবং বিদায়ী শিক্ষার্থীদের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন পর্ব ও আয়োজন সিএসই পরিবারের এ মিলনমেলাকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানের সমাপনী পর্বে সিএসই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মোঃ আমিনুল হক আকন্দ সভাপতির বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের সিএসই পরিবারের ঐতিহ্য ও গৌরবকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সিএসই বিভাগের শিক্ষক, কর্মকর্তা, ২০২০ ব্যাচের বিদায়ী শিক্ষার্থী এবং ২০২৫ ব্যাচের নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
