আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : চিকিৎসার অভাবে মুখের ক্ষত ক্যান্সারে পরিণত হয়েছে। হারিয়েছেন দুই চোখের দৃষ্টিও। অসুস্থতা ও আর্থিক সংকটে চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না আশাশুনি উপজেলার প্রতাপনগরের এক বিধবা নারী। এমন অবস্থায় তার চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে প্রতাপনগর ইউনিয়ন জামায়াত।
জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ওই নারী (নাম প্রকাশ করা হলোনা) চিকিৎসার অভাবে গুরুতর অবস্থায় রয়েছেন। তার পরিবারের আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা ব্যাহত হচ্ছে। তিনি একজন হাফেজে কোরআনের মা।
অসহায় ওই নারীর চিকিৎসা চালিয়ে নিতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও মানুষদের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। এছাড়া সোমবার অপর এক অসহায় নারীকে নগদ ৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলী, ইউনিয়ন জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, সেক্রেটারি মাওঃ আল-আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
