আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ (বিদ্যালয় চত্বর) পানিতে তলিয়ে থাকায় ছাত্রছাত্রীরা ভোগান্তিতে পড়েছে।
কেবল বর্ষা মৌসুম নয় বছরের ছয়-সাত মাস মাঠে পানি জমে থাকে। ফলে স্কুলের শিক্ষার্থীরা মাঠে নিয়মিত শরীরচর্চাসহ খেলাধুলা করতে পারে না। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থীদের কাদা মাড়িয়ে স্কুলে আসা-যাওয়া করতে হয়। ১৫ সেপ্টেম্বর ২০২৬ রোজ সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫৮নং খালিয়া সরকারি প্রাইমারী স্কুলের মাঠে বর্ষার পানিতে থৈ থৈ করছে। শিক্ষার্থীরা বারান্দায় খেলাধুলা করছে। বর্ষার পানি জমে থাকার কারনে স্কুলের শিক্ষার্থীসহ বিকালে স্থানীয় যুব সমাজ খেলাধুলায় অংশ গ্রহন করতে পারে না। স্কুলের শিক্ষার্থীসহ স্থানীয় যুব সমাজ খেলার মাঠটি দ্রুত মাটি ভরাট করে উচুকরনের দাবি জানান।
এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মেহেদী হাসান বলেন, বিদ্যালয় প্রাঙ্গণে বর্ষা মৌসুমে পানি জমে থাকে। আশপাশে নিচু হওয়ায় পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে শিক্ষার্থীরা শরীরচর্চা মূলক খেলাধুলা করতে পারছে না। খেলার মাঠ ভরাটের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
অভিভাবকরা জানান, স্কুলের মাঠে পানি থাকায় আমরা অভিভাবকরা দুঃচিন্তায় থাকি। চারপাশে পানি থাকে কখন পানি কাঁদায় আমাদের সন্তানেরা পড়ে যায় সেই ভয়ও কম না। আমরা সকল অভিভাবক চাই সরকারী ভাবে বরাদ্দ পেয়ে মাঠটি দ্রুত ভরাট করা হোক।
