তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় মোটর সাইকেল ও মাটি বহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও মোটর সাইকেল চালক আহত হয়েছেন। চালকের অবস্থা আশংকাজনক। আজ ০৮ এপ্রিল ২০২৪ রোজ সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে পাইকগাছা-কয়রা প্রধান সড়কের মৌখালী বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। আহত মোটর সাইকেল চালককে প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। অবস্থা গুরুতর হওয়াই তাকে খুলনা থেকে ঢাকাতে নেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে মাটি বহনকারী ট্রাক এবং খুলনা-হ ১৩৫০১৮ নম্বরের মটর সাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ট্রাক চালকের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের নওশের আলী সানার ছেলে খায়রুল আলম (৩৫) একই এলাকার আবু বক্কর ঢালীর ছেলে ইসা ঢালী (৪৮) এর মটর সাইকেলটি ভাড়া নিয়ে একটি মামলায় হাজিরা দেয়ার জন্য খুলনাতে যাচ্ছিলেন। পতিমধ্যে পাইকগাছা উপজেলার মৌখালী নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা ভাটার মাটি টানা একটি ট্রাকটর মোটর সাইকেলকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এ সময় মোটর সাইকেল চালক ইসা ও যাত্রী খায়রুল রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলে মোটরসাইকেল যাত্রী খায়রুল মারা যায় ও মোটর সাইকেল চালক ইসা মারাত্মক আহত হয়। আহতকে প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানেও তার অবস্থার আরো অবনতি হওয়াই তাকে ঢাকাতে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। ওসি মোঃ ওবাইদুর রহমান আরো জানিয়েছেন এ ঘটনায় মাটি বহনকারী ট্রাক চালক সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বসুখালী গ্রামের ইমান আলী গাজীর ছেলে জাহিদ গাজী (৩৩) এর নামে থানায় মামলা হয়েছে।
