সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে উপজেলার অন্যান্য ইউনিয়নের ন্যায় ১৪ নং মাগুরখালীতেও বইছে প্রচার প্রচারণার হাওয়া। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা অনেক আগে থেকেই নেমেছেন মাঠে। সম্প্রতি তাদের প্রচারণার মাত্রাও বেড়েছে অনেক । তবে এবারের নির্বাচনে ক্ষমতাসীনদের প্রার্থী আছেন ৪ জন, জামায়াতে ইসলামীর পক্ষে আছেন একজন, আর স্বতন্ত্র প্রার্থী আছেন ৩ জন।
জানা গেছে, ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে সর্বশেষ হল মাগুরখালী। আসন্ন ইউপি নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হবে ইউনিয়নের জনপ্রতিনিধি। স্থানীয় পর্যায়ের নির্বাচনে এই চেয়ারম্যান পদে হয়ে থাকে তুমুল প্রতিযোগিতা। তবে বিগত সময়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সংখ্যা থাকে ২/৩ জন। কিন্তু এবারের নির্বাচনে ঘটতে যাচ্ছে ব্যাতিক্রম ঘটনা। এরই মধ্যে আত্মপ্রকাশ করেছেন ৮ জন। তার মধ্যে ক্ষমতাসীন দলের ইউনিয়ন বিএনপির সভাপতি/ সম্পাদকসহ আছেন ৪ জন। বর্তমানে ৪ জনই সমান তালে মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন। তার মধ্যে শীর্ষে রয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার আব্দুস ছালাম। তিনি অনেক আগেই প্রার্থীতা ঘোষণা করেন এবং প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। বর্তমানে উঠান বৈঠক, পথসভাসহ গণসংযোগ ও মতবিনিময়ের মধ্য দিয়ে সময় কাটছে তার। এছাড়া ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান, খেলার মাঠে, আহত-নিহত, হাসপাতালের রোগী সবখানেই থাকছে তার উপস্থিতি। এসব কর্মকাণ্ডে ইউনিয়ন ব্যাপী তার নাম এখন সকলের মুখে মুখে। এছাড়া চেয়ারম্যান পদে মাঠে আছেন ইউনিয়ন বিএনপির সভাপতি অরুণ গোলদার। রাজনৈতিক দিক দিয়ে তিনি বিএনপির অত্যন্ত পরিচিত মুখ। দীর্ঘ কাল ধরে তিনি মাগুরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আসন্ন ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছন এবং সেই লক্ষ্যে তিনি মাঠে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন । তবে তিনি দলীয় মনোনয়ন ও সিদ্ধান্তের ওপর আস্থাশীল। এছাড়া চেয়ারম্যান পদে আত্মপ্রকাশ করেছেন সাবেক ছাত্রদল নেতা মতিয়ার রহমান আশিক। তিনি মাগুরখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। তরুণ নেতৃত্বের দিক দিয়ে তিনিও আছেন আলোচনায়। ইউনিয়ন ব্যাপী তার রয়েছে ব্যাক্তি ইমেজ। দলমত নির্বিশেষে সকলের সঙ্গে তার রয়েছে সুসম্পর্ক। এছাড়া চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনী রঞ্জন বালার নামও শোনা যাচ্ছে। তিনি ইউনিয়ন ব্যাপী অব্যাহত রেখেছেন প্রচার প্রচারণা। এছাড়া চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর পক্ষে আব্দুস সোবহান। তিনি মাগুরখালী ইউনিয়ন শাখার আমীর। ইউনিয়ন জুড়ে তিনিও বেশ পরিচিত লাভ করেছেন। এছাড়া চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন ৩ প্রার্থী। তারা হলেন সুজিত মন্ডল, ব্রজেন রায় ও সুদীপ্ত সুন্দর মন্ডল। তার মধ্যে সুজিত মন্ডল হলেন সাবেক চেয়ারম্যান প্রায়ত কার্তিক মন্ডলের মেঝো ভাই। তিনি বিগত ইউপি নির্বাচনে দুই দুই বার প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এবারের নির্বাচনেও তিনি প্রার্থী হিসেবে মাঠে আছেন এবং অব্যাহত রেখেছেন প্রচার প্রচারণা। এছাড়া স্বতন্ত্র হিসেবে শোনা যাচ্ছে প্রভাষক ব্রজেন রায় ও সুদীপ্ত সুন্দর মন্ডলের নাম। এলাকায় প্রার্থী নিয়ে কথা উঠলে তাদের নামও থাকছে আলোচনার টেবিলে।
তবে স্থানীয়দের ধারণা, মাগুরখালী ইউনিয়নে এবার চেয়ারম্যান পদে হবে হাড্ডাহাড্ডি লড়াই।
