দক্ষিন বাংলা ডেস্ক : বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত ২৮ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাঁদের মধ্যে বাবুর্চি থেকে শুরু করে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার সদস্যও রয়েছেন। আজ ৩০ অক্টোবর ২০২৬ রোজ শুক্রবার খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ পদক্ষেপ নেওয়া হয়। পত্রিকাপড়ুন
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত সদস্যদের বিরুদ্ধে অনিয়ম ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের প্রত্যাহার করা হয়েছে। তালিকায় থানা, ট্রাফিক ও গোয়েন্দা শাখার সদস্যরাও রয়েছেন।
খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম বলেন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতার নীতির অংশ হিসেবে প্রথমে পুলিশ বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযান চালানো হচ্ছে। অনৈতিক সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে পুলিশের মহাপরিদর্শকেরও নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনার ধারাবাহিকতায় খুলনা বিভাগে এ অভিযান পরিচালিত হচ্ছে।
পুলিশের দায়িত্ব আইন প্রয়োগ, অপরাধ প্রতিরোধ ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। দায়িত্ব পালনের সময় কোনো সদস্য ব্যক্তিগত স্বার্থে অনৈতিক সুবিধা নিলে বাহিনীর প্রতি জনআস্থা ক্ষতিগ্রস্ত হয়। তাই শুধু ক্লোজড বা প্রত্যাহার নয়, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
