আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা করেন বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রেজাউল ইসলাম। আজ ৩০ অক্টোবর ২০২৬ রোজ শুক্রবার মসজিদে জুম্মার নামাজের সময় তিনি আলোচনা রাখেন।
উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে মাদক ও জুয়ার বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে এসআই রেজাউল ইসলাম বলেন, মাদক ও জুয়া ব্যক্তি, পরিবার এবং সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব অপরাধ থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সচেষ্ট রয়েছে। কোথাও মাদক, জুয়া কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে পুলিশকে অবহিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান তিনি। সচেতনতামূলক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে পুলিশের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
