সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা সদরের চরভরাটি এলাকায় আজ ১৮ জুলাই ২০২৬ রোজ শনিবার দুপুরের দিকে বিদ্যুৎ-স্পৃষ্ঠে রাসেল সরদার (৩২) নামের এক ভ্যান চালক মারা গেছেন। তিনি ওই এলাকার তোফাজ্জেল সরদারের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার দুপুর সোয়া ১টার দিকে ভ্যানসহ বাসায় ফিরে রাসেল। এরপর তিনি ভ্যানের ব্যাটারী চার্জ দিতে ঘর হতে কারেন্টের তার বাহিরে নিচ্ছিলেন। এরই মধ্যে তিনি ফটছট করে নিস্তেজ হয়ে যান। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন মেইন সুইচ বন্ধ করে মুমুর্ষ অবস্থায় তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরিক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত রাসেল সরদার খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা। তাই তার দাফনও সেখানে হবে বলে জানা গেছে।
