সুজিত মল্লিক, (খুলনা) প্রতিনিধি : খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি’র নিজস্ব অর্থায়নে শুরু হয়েছে আলোচিত (দৌলতপুর-শাহপুর) সড়ক মেরাতের কাজ। আজ ১৫ জুলাই ২০২৬ রোজ বুধবার বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশ গ্রহনের মধ্যে দিয়ে এ কাজ শুরু হয়।
জানা গেছে, ডুমুরিয়া উপজেলাধীন (দৌলতপুর-শাহপুর) পাকা রাস্তাটি দীর্ঘ দিন ধরে হয়ে গেছে চলাচলের অনুপোযোগী। রাস্তার পিচ উঠে রুপ নিয়েছে খানা-খন্দে। বর্তমানে ওই রাস্তা দিয়ে ভারী যানবাহন থেকে শুরু করে ক্ষুদ্র যান ভ্যানগাড়ি, ইজিবাইক এমনকি মটর বাইকও ঠিকমত চলাচল করতে পারছে না। সম্প্রতি ভারী বর্ষার প্রভাবে রাস্তাটির হাল হয়েছে আরও খারাপ। একেবারেই নাজুক অবস্থা। চলাচলের জন্য পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। রাস্তার এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি। তার নির্দেশনায় শুরু হয়েছে সংস্কারের কাজ। এ বিষয়ে এমপি’র ব্যক্তিগত পার্সন মোঃ আক্কাছ আলী জানান, দৌলতপুর টু শাহপুর সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগে এমপি সাহেব তাগিদ দিচ্ছেন। আশা করা যাচ্ছে, অতি দ্রুত পিচের কাজ শুরু হবে। কিন্তু বর্তমানে মানুষরা পড়েছেন চরম ভোগান্তিতে। যা দেখে তিনি নিজেই মেরামতের জন্য উদ্যোগী হয়েছেন। তার নির্দেশনা মতে, আমরা খানা-খন্দ গুলো চিহ্নিত করে সেখানে ইটের সোলিং দিচ্ছি। যাতে করে যানবাহন গুলো সহজে চলতে পারে। এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ জানান, আমাদের এমপি মহোদয় জনাব মোহাম্মদ আলি আজগার লবি (লবি ভাই) উন্নয়নে বিশ্বাসী। এলাকার উন্নয়নে তিনি অনেক তৎপর। তার নির্দেশনা আছে, যে কোন পরিস্থিতি বা জন গুরুত্বপূর্ণ যে কোন কাজে তিনি সর্বদা সহযোগিতা করবেন। যার অংশ হিসেবে এই শাহপুর-দৌলতপুর সড়কের কাজ শুরু করা হয়েছে। এখানে তিনি আর্থিক সহায়তা দিয়েছেন। একই সাথে স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছেন উপজেলা বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা ইটভাটা মালিক সমিতি কর্তৃপক্ষ। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। দুই এক দিনের মধ্যেই শেষ হবে মেরামত কাজ।
