ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকি মোকাবেলা, বজ্রপাত রোধ এবং উপকূলীয় অঞ্চলের সুরক্ষায় দেবহাটায় তাল ও খেজুর গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৫ জুলাই ২০২৬ রোজ বুধবার দুপুর ১টায় চরশ্রীপুর টু ভাতশালা নতুন বেড়িবাঁধে এই মহতি বনায়ন কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের টিম একটি মানবিক পরিবার’।
এবারের কর্মসূচির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “উপকূলে তাল-খেজুরের বনায়ন, বজ্রপাত ও জলোচ্ছ্বাস করবে নিয়ন্ত্রণ।”
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মনিরুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উদ্বোধনকালে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা কমাতে এবং বজ্রপাতজনিত প্রাণহানি রোধে তাল ও খেজুর গাছের ভূমিকা অপরিসীম। ‘আমাদের টিম একটি মানবিক পরিবার’ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় একটি উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা যুব উন্নয়ন অফিসার আহমেদ তাহমীর সিদ্দিকী, দেবহাটা সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মাধবী রাণী প্রমুখ। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের প্রতিনিধিগণ, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু সাইদ ও জাহাঙ্গীর আলম, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যবৃন্দ।
