শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা : দলীয় কোন্দলের জেরে নেতাকর্মীদের ওপর নৃশংসভাবে হামলা ও “ফ্যাসিস্টের দোসর” বলে অপবাদ দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি।
আজ ২০ আগস্ট ২০২৫ রোজ বুধবার সকালে শ্যামনগর জেসি কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব সোলায়মান কবির, পৌর বিএনপির সাবেক আহবায়ক লিয়াকত আলী বাবু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরীপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছামিউল ইমাম আযম মনির।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা টুটুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মাসুদ শাহরিওয়ার, সদর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ফরিদ হোসেন, ঈশ্বরীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান সোহাগ, আটুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আলামিন হোসেন, হেলাল হোসেন, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক জাহিদ, শ্যামনগর সদর জাসাসের সদস্য সচিব আল আজিম আহমেদ, জুলাইযোদ্ধা আরমান মজুমদার প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ১২-১৪ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের শিকার হয়ে নেতাকর্মীরা ঘরছাড়া জীবন যাপন করেছে। অথচ কিছু সুবিধাবাদী নেতা আজ তাদেরকে ‘ফ্যাসিস্ট দোসর’ বলে অপবাদ দিচ্ছে, অত্যন্ত দুঃখজনক।
বক্তারা বলেন, গত ১৭ আগস্ট সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি কর্মী আজিজুল হক, জাসাস নেতা আব্দুল্লাহ আল মামুন সহ অনেক নেতাকর্মীদের বেপরোয়াভাবে মারপিট করে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয়েছিল। পুলিশের সময়োচিত হস্তক্ষেপে প্রাণে রক্ষা পেলেও ঘটনাটি ছিল অত্যন্ত ন্যাক্কারজনক ও কলঙ্কজনক।
নেতৃবৃন্দ অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর ভূমিকা প্রশংসনীয় হলেও দলের ভিতরে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
এছাড়া কোনো অবস্থাতেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিশৃঙ্খলা, বিভক্তি কিংবা মব সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তারা। আহত নেতাকর্মীদের চিকিৎসা সহায়তা ও পুলিশের ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।
