সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ব্যাংদাহ বাজারে মেয়াদোত্তীর্ণ এবং অবৈধ যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে একটি মেডিকেল হলকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ ১০ জুন ২০২৬ রোজ বুধবার দুপুরে বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে ব্যাংদাহ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেন্দী হাসান তানভীর।
অভিযান সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ব্যাংদাহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় বাজারের ‘বাধন মেডিকেল হল’-এ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং সরকারি অনুমোদনহীন ও ক্ষতিকর বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়।
ভোক্তা অধিকার আইন অমান্য করে এসব নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত এবং বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দকৃত অবৈধ ওষুধগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. মেহেন্দী হাসান তানভীর ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি বন্ধে ভোক্তা অধিকারের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সহযোগিতা করেন।
