আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার প্রতাপনগরে এক ব্যবসায়ীর দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে দোকানে থাকা প্রায় ৬ লাখ ১০ হাজার টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬ রোজ শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এব্যাপারে দোকান মালিক প্রতাপনগর ৫নং ওয়ার্ড শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি নূরুল ইসলাম মোড়লের ছেলে মারুফ বাল্লাহ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
৫ জনকে অভিযুক্ত করে, অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগে বলা হয়েছে, প্রতাপনগর বিট হাউজ মোড়ে তাদের টেলিকম ও বৈদ্যুতিক মালামালের দোকান রয়েছে। দোকানে প্রায় ৬ লাখ ১০ হাজার টাকার মালামাল ছিল। তার ছোট ভাই মাহবুবুল্লাহ মাঝে মধ্যে দোকান পরিচালনা করে। গত ১৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিকাশে টাকা দেওয়া নেওয়াকে কেন্দ্র করে দ্বিতীয় অভিযুক্তের সঙ্গে মাহবুবুল্লাহর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাকে দোকান থেকে টেনে বাইরে নিয়ে মোবাইল ফোন কেড়ে নেয় এবং দোকান ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা মাহবুবুল্লাহকে মারধর ও গুরুতর ক্ষতির হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরদিন ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে দোকান বন্ধ করে মাহবুবুল্লাহ বাড়িতে যায়। রাত দেড়টার দিকে গ্রামের লিয়াকত আলী মোবাইল ফোনে দোকানে আগুন লাগার খবর দেন। খবর পেয়ে মাহবুবুল্লাহ, তার বাবা-মা ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দোকানে আগুন জ্বলতে দেখে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে দোকানটি সম্পুর্ণ ভস্মীভূত হয়ে যায়। ব্যবসায়ীর দাবি, আগুনে প্রায় ৬ লাখ ১০ হাজার টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে খরিদদারদের কাছে পাওনা প্রায় ২ লাখ ২০ হাজার টাকার বকেয়া হিসাবের খাতাও পুড়ে গেছে। থানার এসআই নাসির উদ্দীন ঘটনাস্থান পরিদর্শন করেছেন।
অভিযোগের বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
