Wednesday, September 16, 2026

পাইকগাছায় তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ-খাট চুরির ঘটনায় দুইজন গ্রেফতার

Must read

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় একটি তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ ও বক্স খাট চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ সেপ্টেম্বর ২০২৬ রোজ মঙ্গলবার বিকেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।​গ্রেফতারকৃতরা হলেন কহিনুর বেগম (৪৫) এবং আসাদুল ইসলাম (২১)।
​মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী শাহানা সুলতানার খালাতো ভাই ও মানবাধিকারকর্মী আমিনুর ইসলাম অফিসিয়াল কাজে ঢাকায় অবস্থান করার সময় পৌর সদরের বিদ্যুৎ পাওয়ার গ্রিড সংলগ্ন তার বাসার চাবি বাদীর কাছে রেখে যান। এই সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি বক্স খাট, ফ্রিজসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
​পরবর্তীতে চুরি হওয়া মালামাল আসামিদের কাছে রয়েছে বলে নিশ্চিত হয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন বাদী। এরই প্রেক্ষিতে শাহানা সুলতানা বাদী হয়ে পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে কহিনুর বেগম ও আসাদুল ইসলামকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে চোরাইকৃত ফ্রিজ ও বক্স খাট উদ্ধার করা হয়।
​মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কৃপাসিন্দু মৃধা জানান, উদ্ধারকৃত চোরাই মালামাল জব্দ করা হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির জানান, অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ রোজ বুধবার দুপুরে গ্রেফতারকৃত দুই আসামিকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article