সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে গণধর্ষণের ঘটনায় জড়িত দুই আসামীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদরের আইতলা এলাকার এক গৃহবধু (৪৫) বুধবার বিকেলে বলাবুনিয়া গ্রামে বেড়াতে যান। এরপর রাত ৯টার দিকে চিংড়া গ্রামের মৃত হাই শেখের ছেলে জিল্লুর রহমান শেখ (২৮), ডুমুরিয়া সদরের গোলাম ফকিরের ছেলে আসাদ ফকির (৪৫) ও আইতলা এলাকার মাজেদুল গাজীর ছেলে আবু হানিফ গাজী (৩০) ওই বাড়িতে যায় এবং গৃহবধূকে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে তাকে ফুসলিয়ে নিয়ে রওনা হয়। পথিমধ্যে চিংড়া মন্দিরের কাছে এসে ওই গৃহবধূকে পাশের একটি বাগানে ফেলে তারা পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় আজ ২৫ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূ ডুমুরিয়া থানায় হাজির হয়ে একটি মামলা রুজু করেন, যার নং ১৯।
এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, গণ ধর্ষণের শিকার এক গৃহবধু বাদী হয়ে মামলা রুজু করেন। এরপর অভিযান চালিয়ে জিল্লুর রহমান ও হানিফ গাজী কে আটক করা হয়েছে এবং ভিকটীম পুলিশ হেফাজতে আছে।
