আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ রোজ সোমবার বেলা ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাছের পোনা অবমুক্ত কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার ২৭টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৩ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় আশাশুনিতে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিঃ মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী উজ্জল কুমারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জলাশয়গুলোতে মাছের পোনা সংরক্ষণ ও যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের পুষ্টি চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
