দক্ষিন বাংলা ডেস্ক : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।
০৫ নভেম্বর ২০২৬ রোজ বৃহস্পতিবার ও আজ ০৬ নভেম্বর ২০২৬ রোজ শুক্রবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন মাদরা, ভোমরা, বৈকারী ও কাকডাঙ্গা বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদরা বিওপির অভিযানে ভাদিয়ালি ও বরালি এলাকা থেকে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং ৯ হাজার টাকা মূল্যের মদ জব্দ করা হয়। ভোমরা বিওপির অভিযানে মন্দির মোড় এলাকা থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের পুরোনো মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বৈকারী বিওপির অভিযানে বৈকারীপাড়া মোড় থেকে একজনকে আটক করা হয়। এ সময় ৭ হাজার ৪৫ টাকা ৫০ পয়সা মূল্যের ভারতীয় গাঁজা, একটি বাইসাইকেল এবং একটি গ্রামীণ সিমকার্ডসহ মোবাইল ফোন জব্দ করা হয়। এ ছাড়া কাকডাঙ্গা বিওপির অভিযানে কেড়াগাছি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
বিজিবি জানায়, চারটি অভিযানে জব্দ করা মালামালের মোট মূল্য ৪ লাখ ৯৬ হাজার ৪৫ টাকা ৫০ পয়সা। শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনার অভিযোগে সেগুলো জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
