দক্ষিন বাংলা ডেস্ক : সাতক্ষীরায় উপজেলা মানবাধিকার সুরক্ষা দলের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৫ নভেম্বর ২০২৬ রোজ বৃহস্পতিবার রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) বাস্তবায়িত এবং জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা নেটজ বাংলাদেশ ও বিএমজেডের সহযোগিতায় পরিচালিত ‘হোপ’ প্রকল্পের আওতায় শহরের পানসি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মানবাধিকার সুরক্ষা দলের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খালিদ হাসান। সভায় বিভিন্ন ইউনিয়নের জনদুর্ভোগ, নাগরিক অধিকার ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আসন্ন উপজেলা সংলাপ সামনে রেখে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সম্প্রতি সাতক্ষীরায় শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহবান জানান তাঁরা। পাশাপাশি স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষা ও জনদুর্ভোগ লাঘবে নিয়মিত সংলাপ এবং সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় হোপ প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর রেখা খাতুন, মাহফুজা পারভীন লিপিসহ সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানবাধিকার সুরক্ষা দলের সদস্য ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।
