আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার চিলেডাঙ্গা গ্রামে তরুণীকে উত্যক্তের প্রতিবাদ করায় রবিউল ইসলামকে পিটিয়ে জখম, টাকা ছিনতাই ও হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় মামলা হলে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতদের আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬ রোজ বুধবার আদালতে প্রেরণ করেছে।
এজাহার সূত্রে জানাগেছে গত ২৮ মে বুধহাটা ইউনিয়নের চিলেডাঙ্গা মাঠের পাকা সড়কের ওপর স্থানীয় এক তরুণীকে আকিব হোসেনসহ কয়েকজন উত্যক্ত ও অশ্লীল অঙ্গভঙ্গি করেন। সাইমুন সরদার ও রফিকুল ইসলাম প্রতিবাদ করলে তাদের সাথে বাকবিতণ্ডা হয়।ঘটনা নিষ্পত্তির জন্য এদিন রাতে বেউলা বাজারে ইউনিয়ন জামায়াত কার্যালয়ে সালিশ বৈঠক ডাকা হয়।বাদী রবিউল ইসলাম সালিশে যাওয়ার পথে বেউলা এলাকার রাস্তার ওপর পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, রড ও লাঠিসোটা নিয়ে তার গতিরোধ করে গালিগালাজ ও এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। পকেটে থাকা মাছ বিক্রির ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়, একটি স্যামসাং মোবাইল ফোন ভেঙে ফেলে এবং গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। স্থানীয় লোকজন ও স্বাক্ষীরা তাকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আশাশুনি থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ জানান, থানায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা রেকর্ড করার পর পুলিশ অভিযান চালিয়ে ২ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
