Tuesday, March 17, 2026

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ রোধে অভিভাবক সমাবেশ

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস হাইস্কুলে শিক্ষার মানোন্নয়ন, ঝরেপড়া শিক্ষার্থী হ্রাস এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ আগস্ট ২০২৫ রোজ সোমবার বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। অনেক শিক্ষার্থী প্রাথমিক স্তরের পর ঝরে পড়ছে কিংবা বাল্যবিবাহের শিকার হচ্ছে। এ অবস্থার পরিবর্তনে পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”
তিনি আরও বলেন, “বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, পাঠ গ্রহণে মনোযোগ এবং অভিভাবকদের নিয়মিত খোঁজখবরই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার প্রধান চাবিকাঠি। আমরা চাই প্রত্যেক শিক্ষার্থী যেন তার স্বপ্নের পথে এগিয়ে যেতে পারে।”
সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক মো. নজিবুল ইসলাম, অরুন কুমার মন্ডল, মো. হাফিজুল ইসলাম, শামীমা আক্তার, খালেদা খাতুন, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, মৃনাল কুমার বিশ্বাস, আজহারুল ইসলাম, আসমাতারা জাহান, ভানুবতী সরকার, গীতা রানী সাহা, শিক্ষার্থী আসমাউল হুসনা, সুমি আক্তার শিলা, রাজিয়া সুলতানা প্রমুখ। তাঁরা সকলেই বাল্যবিবাহের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে পাঠাতে অভিভাবকদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অভিভাবকরাও বিদ্যালয়ের শিক্ষার মান, পরিবেশ ও শিক্ষকদের আন্তরিকতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তারা শিক্ষকদের পাশে থেকে নিজেদের সন্তানদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতি দেন। এই ধরনের অভিভাবক সমাবেশ শুধু বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে নয়, শিক্ষার্থী ও সমাজের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article