আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও খাদ্যে ভেজাল প্রতিরোধে আশাশুনি উপজেলার বিভিন্ন বাজারে তদারকি অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসারর শ্যামানন্দ কুন্ডু। আজ ২৬ মে ২০২৬ রোজ মঙ্গলবার বুধহাটা বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ হাট-বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে খাদ্যে ভেজাল প্রতিরোধ, ওজনে কারচুপি বন্ধ এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ দেন ইউএনও। সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই এবং ঈদকে কেন্দ্র করে কোনো ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সে বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয় সকলকে।
এসময় বুধহাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সুভাষ ঘোষ নামে এক হোটেল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু বলেন, “আসন্ন ঈদকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে দ্রব্যমূল্য সহনীয় রাখা ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানকালে বাজার কমিটির নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা।
