আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে পয়ঃ নিস্কাশন ব্যবস্থা সচল করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আজ ০৩ সেপ্টেম্বর ২০২৬ রোজ বৃহস্পতিবার সকালে বড়দলের ফকরাবাদ গ্রামে কার্যক্রম পরিচালনা করেন, ইউপি চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম শরীফ।
ফকরাবাদ গ্রামে মেইন সড়ক হতে হেমন্ত বাইনের বাড়ী পর্যন্ত ইটের সোলিংকৃত রাস্তা। রাস্তার পশ্চিম পাশে প্রায় শতাধিক পরিবারের বসবাস। প্রতি বছর বৃষ্টিপাত শুরু হলে এখানকার পানি ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে হামিদ গাজী ও খোকন সরদারের বাড়ির সামনে পাইপ কার্লভাট দিয়ে নিস্কাশন হয়ে থাকে। পাইপ ও নালা ভরে যাওয়ায় ও ময়লা-আবর্জনার কারনে পাইপ কার্লভাট দিয়ে পানি নিস্কাসনে বাধা গ্রস্ত হয়ে থাকে। ফলে এলাকার শতাধিক পরিবারের বসতবাড়ি, উঠান, পুকুর পানির চাপে নিমজ্জিত হয়ে যায়। এতে মানুষের জীবন যাপন বিপর্যস্ত হয়ে ওঠে। মানুষের দুর্দশার কথা চিন্তা করে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন বড়দল ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি ও বড়দল ইউপি চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম শরীফ। তিনি এলাকার সাধারণ মানুষকে সাথে নিয়ে পাইপ কার্লভাট ও নালা থেকে বর্জ্য ও ময়লা আবর্জনা অপসারণ করে পয়ঃ নিস্কাশন ব্যবস্থা সচল করেন। পানি নেমে যেতে শুরু করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। এলাকাবাসীর দাবী পাইপ কার্লভাটি বড় করার সাথে সাথে রাস্তার পাশ দিয়ে পাকা গাঁথনি বা ঢালাই ড্রেন নির্মান করে এলাকার সমস্যা স্থায়ী ভাবে সমাধান করা হোক। এজন্য তারা উপজেলা নির্বাহী অফিসার ও মাননীয় সংসদ সদস্যের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
