পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনার পাইকগাছা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ মার্চ ২০২৬ রোজ মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রেসক্লাব প্রাঙ্গণ এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। রমজানের পবিত্রতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এমন আয়োজনকে স্থানীয়রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেন।
পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মোসলেম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ।
প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, মেছের আলী সানা, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, মিরাজুল ইসলাম মিরাজ, শেখ আ. কুদ্দুস, অ্যাডভোকেট একরামুল হক বিশ্বাস, হুরায়রা বাদশা ও অ্যাডভোকেট হাসিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, সাংবাদিক জি.এ. গফুর, বি. সরকার, স্নেহেন্দু বিকাশ, এম.আর. মন্টু, প্রমথ রঞ্জন সানা, নজরুল ইসলাম, প্রভাষক আব্দুর রাজ্জাক, আবুল হাশেম, পূর্ণ চন্দ্র মণ্ডল, এফ এম এ বদিউজ্জামান, শাহরিয়ার কবির, আশরাফুল ইসলাম সবুজ, শাহজামান বাদশা, খোরশেদ আলম, উজ্জ্বল দাশসহ প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন। দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্কের এক অনন্য পরিবেশ সৃষ্টি করে। দীর্ঘদিন পর এক ছাদের নিচে এত মানুষের মিলনমেলায় প্রেসক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন সাংবাদিক সমাজের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করে। তারা পাইকগাছা প্রেসক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি কামনা, প্রেসক্লাবের প্রয়াত সহকর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত এবং অসুস্থদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হান্নান ওমর। এছাড়া পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফ এম এ রাজ্জাকের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
ইফতারের সময় উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং পরে জামাতে মাগরিবের নামাজ আদায় করেন। অনুষ্ঠানের শেষ পর্বে প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।
