তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : চলতি বছরের এসএসসি পরীক্ষায় এপ্লাস পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে। তালা উপজেলা ছাত্র শিবির কর্তৃক আজ ১৮ আগস্ট ২০২৫ রোজ সোমবার তালা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল-জামালুল বান্নার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত রহমান মিলন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারী ও সাবেক জেলা শিবির নেতা খোরশেদ আলম, তালা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী নাজমুল ইসলাম, জেলা শিবিরের অর্থ সম্পাদক মতিউর রহমান, জেলা শিবিরের অফিস সম্পাদক নাহিদ হাসান ও উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারী মো. শহিদুজ্জামান। ছাত্র-ছাত্রীদের পক্ষ্যে বক্তব্য রাখেন তালা বিদে সরকারি উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র মুসফিক আরেফিন পলাশ ও তালা শহীদ আলী আহম্মদ গার্লস স্কুলের শিক্ষার্থী তাসনিয় তাবাসসুম ওহী।
অনুষ্ঠান শেষে তালা উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন এপ্লাস প্রাপ্ত কৃতি ছাত্র/ছাত্রীদের ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত সার্টিফিকেট, কলম-খাতা, বই, ষ্টিকার ক্রেষ্ট সহ বিভিন্ন রকমের উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অভিভাবক সহ তালা সকারী কলেজের শিবির সভাপতি মুরাদুল হক সহ অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
