দক্ষিন বাংলা ডেস্ক : খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী মানে শুধু কেক কাটা বা আনুষ্ঠানিকতা নয়; প্রতিষ্ঠাবার্ষিকী মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া এই রাজনৈতিক দলকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যাওয়া, মানুষের অধিকার আদায়ের সংকল্পকে নতুন করে শাণিত করা এবং সমাজ ও পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব পালন করা। শহীদ জিয়া সবসময় উৎপাদনমুখী রাজনীতির কথা বলেছেন। খাল খনন থেকে শুরু করে দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করতে তিনি যে দিকনির্দেশনা দিয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানও জনকল্যাণকর কর্মসূচি নিচ্ছেন। এই মৎস্য অবমুক্তকরণ তারই একটি প্রতীকী ও বাস্তবসম্মত প্রকাশ।
আজ ০৩ সেপ্টেম্বর ২০২৬ রোজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে নানান কর্মসূচি চলছে।
জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু আরও বলেন, আমাদের জলাশয়গুলো আজ নানাভাবে হুমকির মুখে। দেশীয় প্রজাতির মাছ হারিয়ে যেতে বসেছে। এই জলাশয়গুলোতে মাছ অবমুক্ত করার মাধ্যমে আমরা যেমন আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছি, তেমনি দেশের আমিষের চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার একটি ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আমাদের কাজ শুধু রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দেশের প্রতিটি জনকল্যাণমূলক কাজে জনগণের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।
এসময়ে জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজও দেশের গণতন্ত্রকামী মানুষের আস্থার প্রতীক হিসেবে টিকে আছে। দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সুন্দর, সবুজ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তেও নিজেদের নিয়োজিত রাখবো।
মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এসএম শামীম কবির ও জিএম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপি’র সদস্য আশরাফুল আলম নান্নু, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহবায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, জেলা ছাত্রদলের সদস্য সচিব খান ঈসমাইল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী-সমার্থক উপস্থিত ছিলেন।
