আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে বড়দল ইউনিয়ন যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম শরিফ ও উপজেলা বিএনপির সদস্য রবিউল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট ২০২৫ রোজ মঙ্গলবার বিকালে বড়দল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বামনডাঙ্গা গ্রামের ধর্মতলা মোড় এলাকায় গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বিএনপি নেতা রবিউল ইসলাম, স্থানীয় আব্দুল গফুর গাজী, আবু হাসান, পাপিয়া খাতুন, নবাব আলী প্রমুখ।
বক্তারা বলেন, আজহারুল ইসলাম মন্টুর হস্তক্ষেপে এলাকার চিহ্নিত চোর ও আওয়ামী লীগের দোসর আব্দুল মজিদকে ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি করা হয়েছে। মজিদ উপজেলা নির্বাচনে মোস্তাকিমকে ভোট না দেওয়ায় আমাদের ঘরবাড়ি ভেঙে এলাকা ছাড়া করেছিল। অবৈধ অর্থের বিনিময়ে তাকেই সভাপতি পদ দেয়া হয়েছে। পদ পেয়েই ১১ আগষ্ট সে তার দলবল নিয়ে পার্শ্ববর্তী আব্দুল গফুরের জমি দখল করতে যায়। জমির মালিকদের ধাওয়ায় তারা পালিয়ে যায়। এরপর মন্টু তার চাঁদাবাজির অন্যতম হাতিয়ার নুরুল ইসলামকে দিয়ে শরিফুল ইসলাম ও রবিউল ইসলামকে জড়িয়ে উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করায়। নুরুল ইসলাম একজন মাদকসেবী। ৫ আগষ্ট পরবর্তী সময়ে মন্টুর ইন্ধনে মুক্তিযোদ্ধার বাড়ি সহ বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগ করে এবং মোবাইল সাইকেলসহ বিভিন্ন মালামাল লুটপাট করে। মন্টু বড়দল বিএনপির জন্য ক্ষতিকর, তাই তার হস্তক্ষেপে করা কমিটি বাতিল করে নতুন সার্চ কমিটির মাধ্যমে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করা সহ মন্টুর বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দলের ভাবমূর্তি বিনষ্টের অভিযোগে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বক্তব্য শেষে প্রায় ৩ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে মন্টু ও নুরুল ইসলামের বিরুদ্ধে ঝাটা মিছিল করা হয়।
