আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : টানা মুষলধারে বৃষ্টিতে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের অধিকাংশ এলাকা জলাবদ্ধতার কবলে পড়েছে। বিশেষ করে বুধহাটা পূর্বপাড়া কওমি মাদ্রাসা এলাকা পানির নিচে তলিয়ে গেছে।
ঘরের ভেতর, চুলা ও গোয়ালঘরেও পানি ঢুকে পড়ায় মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। রান্নাবান্না পর্যন্ত করতে পারছে না। পানির মধ্যে বাস করতে গিয়ে বিভিন্ন ধরনের পোকামাকড় ও সাপের আতঙ্কে দিন কাটছে।
এই অবস্থা থেকে রক্ষা পেতে আজ ১০ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার বুধহাটা পূর্বপাড়ার এলাকাবাসী পানির ভেতরে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে নেতৃত্ব দেন আশাশুনি উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগ।
মানববন্ধনে শত শত ভুক্তভোগী নারী-পুরুষ অংশ নিয়ে অভিযোগ করেন,বর্ষাকালে তারা প্রতিবছরই পানিবন্দি হয়ে পড়েন। টানা ৩-৪ বছর ধরে একই দুর্ভোগ পোহালেও প্রশাসন বা জনপ্রতিনিধিরা কোনো উদ্যোগ নিচ্ছে না।তারা জানান, বেতনা নদীর খনন কাজ শেষ না হওয়ায় এবং চাপড়ার কাছ বাঁধ দিয়ে নদীর প্রবাহ বন্ধ করে রাখায় বৃষ্টির পানি নদীতে যেতে পারছে না। ফলে বুধহাটাসহ আশপাশের এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তারা দ্রুত নদী খনন ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
