ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটার সখিপুরে বালুর ট্রাকের চাপায় আখ ব্যবসায়ী আবুল কালাম (৪৫) এর মৃত্যু হয়েছে। নিহত আবুল কালাম চার সন্তানের জনক। আজ ১৭ আগস্ট ২০২২ রোজ বুধবার সকাল ৬ টার দিকে সখিপুর টেলিফোন টাওয়ার সংলগ্ন মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার সখিপুর ইউনিয়নের নারিকেলী গ্রামের পিয়ার আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় আবুল কালাম তার চাষকৃত আখ তোলার জন্য সখিপুর টেলিফোন টাওয়ার সংলগ্ন জমিতে যাওয়ার জন্য আজ ১৭ আগস্ট ২০২২ রোজ বুধবার সকাল ৬টার দিকে বাড়ি থেকে বের হন। সখিপুর টেলিফোন অফিসের নিকটবর্তী আসলে পিছন দিক থেকে দেবহাটায় বালু নিতে আসা খুলনা মেট্রো-ট-১১-২১৩১ নম্বরের একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনা দেখে ট্রাক চালক গাড়ি থামিয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আবুল কালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উল্লেখ্য যে, চলতি বছরের ২৮ মে তার ভাই আব্দুল লতিফ মৎস্য ঘেরে অবস্থানকালে বজ্রপাতে তার মৃত্যু হয়। কয়েক মাসের ব্যবধানে একই পরিবারের ২ পুত্র সন্তান নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি বর্তমানে সখিপুর হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে বুধবার বিকাল পর্যন্ত এই রিপোর্ট লেখাকালীন সময়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ থানায় দেয়া হয়নি বলে জানা গেছে।
