সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি উপজেলার ১২ নং রংপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সালাম শেখের ছেলে। আজ ০৫ নভেম্বর ২০২৬ রোজ বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে রামকৃষ্ণপুর-আমভিটা জোড়া বটতলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
ডুমুরিয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রংপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সালাম শেখের ছেলে মোঃ তরিকুল ইসলাম শেখ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ঘটনার সময় তিনি রামকৃষ্ণপুর-আমভিটা জোড়া বটতলা নামক স্থানে আব্দুল গফফারের চায়ের দোকানে অবস্থান করছিলেন। কিছু সময় আগে তিনি ওই দোকানে যান। এরই মধ্যে একটি মটর সাইকেলে দু,জন লোক সেখানে যান। তার মধ্যে একজন মটর সাইকেলে বসা ছিলেন এবং পেছনে বসা লোকটি নেমে গিয়ে তরিকুলের সঙ্গে কথা বলতে থাকেন । প্রায় মিনিট পাঁচেকের মত কথা হয় তাদের । এরই মধ্যে কোমর থেকে অস্ত্র বের করে তরিকুলের মাথায় ঠেকিয়ে পর পর দুটি গুলি ছোড়ে। সঙ্গে সঙ্গেই মেঝেতে লুটিয়ে পড়ে তরিকুল এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। গুলির শব্দে লোকজন জড়ো হওয়ার আগেই তারা দ্রুত গতিতে মটর সাইকেল যোগে পালিয়ে যেতে সক্ষম হয়। নিহত তরিকুল ইসলামের ২টি কন্যা সন্তান রয়েছে। খবর পেয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, গুলিতে হত্যার খবর পেয়েই সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরোত হাল রিপোর্ট প্রক্রিয়া চলছে। এরপর মরদেহ মেডিকেলে প্রেরণ করা হবে। তবে এখনো পর্যন্ত নিহতের স্বজনদের সঙ্গে তেমন কোন কথা বলতে পারিনি। ফলে কি কারণে তিনি হত্যাকান্ডের শিকার হয়েছেন তা বলতে পারছি না। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, খুনীদের সঙ্গে তার পরিচিত বা সাখ্যতা থাকতে পারে।
