সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাঁচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৬টি স্বর্ণের বারসহ মোঃ রাশেদুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটক স্বর্ণের বারগুলোর ওজন ১ কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম। আজ ০৯ নভেম্বর ২০২৪ রোজ শনিবার সকালে কলারোয়া উপজেলার গোয়ালচাতর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাশেদুল ইসলাম কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মোঃ আনিছ জামানের ছেলে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েক মোঃ হরমুজ এর নেতৃত্বে একটি দল গোয়ালচাতর বাজার এলাকায় অবস্থান নেয়। এসময় ভ্যানযোগে সীমান্ত এলাকায় গমনকালে মোঃ রাশেদুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তাকে তল্লাশী করে কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ০৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা। আটক আসামিকে কলারোয়া থানায় সোপর্দ ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
