সাতক্ষীরা প্রতিনিধি : নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী পটগান প্রদর্শনী।
আজ ১৩ এপ্রিল ২০২৬ রোজ সোমবার সদর উপজেলার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর; সহযোগিতায় ছিল সুইজারল্যান্ড সরকার এবং বাস্তবায়নে উইনরক ইন্টারন্যাশনাল।
“আশ্বাস” প্রকল্পের আওতায় আয়োজিত এ পটগান প্রদর্শনীতে মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের অভিজ্ঞতা, ঝুঁকি ও প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পটগানের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে সহজ ভাষায় সচেতনতা ছড়িয়ে দিতে শিল্পীরা বাস্তবধর্মী চিত্র ও সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নিরাপদ অভিবাসন সম্পর্কে সঠিক ধারণা না থাকায় অনেকেই প্রতারণার শিকার হয়ে মানব পাচারের ফাঁদে পড়েন। এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে মানব পাচার প্রতিরোধে স্থানীয় জনগণ আরও সক্রিয় ভূমিকা রাখতে পারে।
এসময় উপস্থিত ছিলেন রূপান্তরের কমিউনিটি ফ্যাসিলিটেটর মোঃ মাহবুবুর রহমান, সিটিআইপি এক্টিভিস্ট আল আমিন এবং ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল খায়েরসহ অন্যান্যরা।
