আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পারুল খাতুন (৪৫) নামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী। আজ ১০ আগস্ট ২০২২ রোজ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার চাঁদবা-একতারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্বামী মতিয়ার রহমান পলাতক রয়েছে। সে একই গ্রামের কুড়ল বিশ্বাসের ছেলে।
ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু জানান, পারিবারিক কলহের জের ধরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। আজ ১০ আগস্ট ২০২২ রোজ মঙ্গলবার রাতে তর্ক বিতর্কের এক পর্যায়ে পারুলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে মতিয়ার রহমান। এরপর পারুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মতিয়ার রহমান পালিয়ে যায়।
কালীগঞ্জ থানা ওসি আব্দুর রহিম মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত পারুলের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। স্বামী মতিয়ার রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
