আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ : মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অবৈধ সীমান্ত পারাপারের রোধে বেশ কার্যকর ভূমিকা পালন করে আসছে। প্রতিদিনই এই সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় ধরা পড়ছে নারী, শিশুসহ চোরাকারবারিরা। প্রায়শই মহেশপুর ব্যটালিয়ন ( ৫৮ বিজিবি) শীত, গ্রীষ্ম, বর্ষা উপেক্ষা করে বিভিন্ন অভিযান পরিচালনা করছে। এরি ধারাবাহিকতায় আজ ৩০ নভেম্বর ২০২৪ রোজ শবিবার মহেশপুর সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় ৪৭জন বাংলাদেশী নাগরিকে আটক করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। উপজেলার মাটিলা, খোসালপুর, পলিনপুর, বাঘাডাংগা, শ্যামকুড় ও লড়াইঘাট সীমান্ত থেকে ১২জন নারী, ১৯ জন পুরুষ ও ১৬জন শিশুকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) মিডিয়া সেলের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৪ ঘন্টায় ৫৮ বিজিবি’র বেশ কয়েকটি আভিযানিক দল সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাত ভর মহেশপুর উপজেলার মাটিলা, খোসালপুর, পলিয়ানপুর, বাঘাডাংগা, শ্যামকুড় এবং লড়াইঘাট সীমান্ত এলাকায় বেশ কয়েকটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা কালে ৪৭ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের মধ্যে ১২ জন নারী, ১৯ জন পুরুষ এবং ১৬ জন শিশু রয়েছে। আটককৃতদের মধ্যে একাধিক ব্যাক্তি ইতোপূর্বেও ৫৮ বিজিবির টহল দলের নিকট ধরা পরেছিলেন। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরো জানা যায়, নভেম্বর মাসে ৩৩১ জনকে আটক করা হয়েছে। এছাড়া গত ০৫ আগস্ট হতে এপর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) কর্তৃক বাংলাদেশী নাগরিক ৮৮৫ জন, ভরতীয় নাগরিক ২৮ জন, মায়ানমার রোহিঙ্গা নাগরিক ২০ জনসহ সর্বমোট ৯৩৩ জন আটক করা হয়েছে। এদের মধ্যে একজন প্রাক্তন মন্ত্রী, বেশ করেকজন ছাত্রলীগ ক্যাডার, ৩ জন জেল পলাতক আসামী, ১ জন আনসার বিদ্রোহের সক্রিয় সদস্য, কয়েকজন একাধিক মামলার আসামী এবং ১ জন ভারতীয় পুলিশ সদস্য রয়েছে।
