আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ : জুলাই গণ-অভ্যুত্থানে ঝিনাইদহের শহিদ রাকিবুল হোসেন ও শহিদ সাব্বির হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পৃষ্ঠপোষকতায় গড়া সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’। আমরা বিএনপি পরিবার এর পক্ষ থেকে শহিদ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। আজ ১০ নভেম্বর ২০২৪ রোজ রোববার সকাল ১১টায় জেলার হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের বাসুদবেপুর গ্রামে অনুদানের চেক হস্তান্তর ও শহিদ পরিবারের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা এম রাশিদুজ্জামান মিল্লাত, আমরা বিএনপি পরিবার’র আহব্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হাসনাইন মনজুর ইমন, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, শৈলকূপা থানা বিএনপির সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।
অনুষ্ঠানে শহিদ রাকিবুল হোসেনের বাবা আবু বকর সিদ্দিক বলেন, বিএনপিসহ যে সকল রাজনৈতিক দল আমাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমার সন্তান দেশের জন্য জীবন দিয়েছে। দেশের অনেক মায়ের সন্তান জীবন দিয়েছেন। আপনাদের কাছে অনুরোধ এই দেশ যেন এই শহীদদের স্মরণ রাখে। আর যেন কেউ এদেশে কখনো স্বৈরাচার হওয়ার সুযোগ না পায়।
‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমানে যারা দেশ পরিচালনা করছেন তারা শহীদের রক্তের বিনিময়ে আজ দেশকে সংস্কার করে এগিয়ে নিচ্ছেন। ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতার ক্ষেত্র কিন্তু বিএনপি তৈরি করেছে। স্বৈরাচারী হাসিনা দীর্ঘ ১৬ বছর ধরে যে নির্মম নির্যাতন চালিয়েছে, তাতে বিএনপির ১২/১৩শ নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। সবশেষ জুলাই গণ-অভ্যুত্থানে নির্বিচারে ছাত্র জনতার ওপর নির্মম অত্যাচার চালিয়েছে হাসিনার দোসররা।
তিনি আরো বলেন, ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের মাধ্যমে প্রথম থেকে গুম খুনের শিকার পরিবারগুলোর খোঁজ খবর রাখতাম। এখন আমরা জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ পরিবার ও আহতদের খোঁজখবর নিচ্ছি। এসব পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
শহীদদের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, যেসব শহিদ পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি আজ শহিদ হয়েছেন, সেই সব পরিবার থেকে অন্তত একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। এই দায়িত্ব বিএনপি নেবে। এই পরিবারগুলোর একদিকে বেদনা আরেকদিকে অভাব। ‘আমরা বিএনপি পরিবার’ সকল শহিদদের পরিবারের পাশে থাকবে সবসময়। এছাড়া আগামী নির্বাচনের মাধ্যমে তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় গেলে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের নামে সরকারি প্রতিষ্ঠান, সড়ক ও সরকারি স্থাপনার নামকরণ করা হবে বলে উল্লেখ করেন।
পরে শহিদ রাকিবুল হোসেন ও শহিদ সাব্বির হোসেনের বাবা-মায়ের হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়। শহিদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
