Saturday, February 21, 2026

খুলনা বিশ্ববিদ্যালয় এফডব্লিউটি ও ইউআরপি ডিসিপ্লিনের অ্যালামনাইদের পুনর্মিলনী

Must read

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি (এফডব্লিউটি) ডিসিপ্লিনের অ্যালামনাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী আজ ৩১ জানুয়ারি ২০২৫ রোজ শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী উপলক্ষ্যে বেলা ১১.৪৫ মিনিটে হাদী চত্বর থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপস্থিত অ্যালামনাইদের উদ্দেশ্যে বক্তৃতাকালে উপাচার্য বলেন, বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুসংহত করতে অ্যালামনাইদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং নোটেবল অ্যালামনাইদের প্রোফাইল সংগ্রহের কাজ শুরু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিসিপ্লিনের প্রতিটি শিক্ষার্থী যেদিন পাশ করলেন, পরবর্তীতে প্রথম কোথায় তিনি কর্মজীবন শুরু করেছেন এবং বর্তমানে তার কর্মস্থল কোথায়- এই বিষয়ে ট্রেসার স্টাডির মাধ্যমে ডিরেক্টরি তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মসংস্থান সৃষ্টির ট্র্যাক রেকর্ড থাকে। এতে কোন কোন জায়গায় বিশ্ববিদ্যালয়ের ঘাটতি রয়েছে তা জানা যাবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গতানুগতিক পাঠ্যক্রমকে আরও আধুনিক করতে বিএনকিউএফ এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের অন্যতম একটি ক্রাইটেরিয়া হলো অ্যালামনাইদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়া। সেই আলোকে অ্যালামনাইদের পরামর্শ নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের ওবিই কারিকুলা বাস্তবায়ন করা হয়েছে। কর্মজীবনে অ্যালামনাইরা যে সকল সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, তা মোকাবেলা করতে দক্ষ ও যোগ্য করেই বর্তমান শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে। যাতে শিক্ষাজীবন শেষে তাদের বড় কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে না হয়। তিনি এ ধরনের একটি প্রাণোচ্ছল অনুুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, অ্যালামনাইদের সফলতাই হচ্ছে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার সূচক। তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ব দরবারে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ফুটে ওঠে। তাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমনভাবে যোগ্য করে গড়ে তোলা হয়, যাতে কর্মজীবনে তাদের আলোয় বিশ্ববিদ্যালয় আলোকিত হয়।
ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অ্যালামনাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান ও ডিসিপ্লিনের অ্যালামনাই প্রফেসর ড. রুমানা রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইলতুৎ মিশ। এ সময় ডিসিপ্লিনের শিক্ষক ও বিভিন্ন বর্ষের অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অ্যালামনাইদের অংশগ্রহণে দিনব্যাপী আনন্দঘন পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত হয়।
অপরদিকে সন্ধ্যায় ৬.৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের কোর্টইয়ার্ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি পরিকল্পনাবিদ আনিসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ মুনওয়ার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউআরপি ডিসিপ্লিনের বিভিন্ন বর্ষের অ্যালামনাইবৃন্দ অংশগ্রহণ করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article