আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিমের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ এপ্রিল ২০২৪ রোজ মঙ্গলবার দুপুরে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে আশাশুনি সদর ইউনিয়নবাসী এ সভার আয়োজন করে।
উপজেলার শ্রমিক লীগের সভাপতি ঢালী মো. সামছুল আলমের সভাপতিত্বে সভায় পপ্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় সভায় বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, শ্রীউলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু হেনা শাকিল, বুধহাটা ইউপির সাবেক চেয়ারম্যান আ ব ম মোসাদ্দেক, দরগাপুর ইউপির সাবেক চেয়ারম্যান জমির উদ্দীন, খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অহিদুল ইসলাম, শোভনালী ইউপির সাবেক মেম্বার মো. নজরুল ইসলাম, আশাশুনি গার্লস স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হোসাইন, যুবলীগ নেতা আহসান উল্লাহ আছু, ইয়াহিয়া ইকবাল, মঙ্গল মেম্বার, রনদা প্রসাদ রনো, আশরাফুল আলম টিক্কা, সন্তোষ মেম্বার, মেহেরুন্নেছা, তুলসি পাল, কাশিনাথ মন্ডল, পরেশ অধিকারী, মৃন্ময় মল্লিক, মুরশিদ আলম, আনিসুল ইসলাম চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
প্রধান অতিথি এবিএম মোস্তাকিম তার বক্তব্যে বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা কখনোই জনগণের চেয়ে শক্তিশালী হতে পারে না। জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় বসতে হয়। সুতরাং জনগণই আসল ক্ষমতার মালিক। জনগণ চেয়েছিল বলেই আগে তিন তিনবার আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আবারও অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণ আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন সে বিশ্বাস আমার আছে। তিনি বলেন, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম কুরুচিপূর্ণ বক্তব্য ছড়ানো হচ্ছে। আপনারা ফেসবুকে ছড়িয়ে দেওয়া প্রপাগান্ডা দেখে বিচলিত হবেন না। কারও সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে ভোট বাড়ানো যায় না, বরং এতে ভোট কমে যায়। আমি বিশ্বাস করি, জনগণ বিগত সময় আমাকে ভালোবেসে ভোট দিয়েছিল, সে কারণে আমি তিন তিনবার উপজেলার চেয়ারম্যান হিসেবে আপনাদের সেবা করতে পেরেছি। অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে, কেউ কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন এবং স্বতঃস্ফূর্তভাবে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। যদি আমি ভালো কাজ করে থাকি তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে ভোটের দাবিদার। আর কাউকে যদি আমার থেকে আপনাদের নিকট যোগ্য মনে হয়, তাহলে তাকে ভোট দিবেন, এতে আমার কোনো কষ্ট থাকবে না। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং যতদিন বেঁচে থাকব আপনাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ।
