তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় টিকটকের ভিডিও ধারন করতে যেয়ে সড়ক দুর্ঘটনায় ৩ যুবক গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। ঘটনাটি ০২ মে ২০২৪ রোজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবসা ব্রীজ সংলগ্ন এলাকায়।
জানা গেছে, উপজেলার হরিঢালী ইউনিয়নের মুন্সি কামরুল ইসলাম পিকুর ছেলে রোহান হোসেন (১৭) ও মাহমুদকাটি গ্রামের সাধন দত্তের ছেলে আকাশ দত্ত (১৭) তারা মোটর সাইকেল চালানো অবস্থায় টিকটকের ভিডিও ধারণ করছিল। এমন সময় বিপরীত দিক থেকে আসা পৌরসভার সরল গ্রামের বিকাশ মন্ডলের ছেলে মহানন্দ মন্ডল (১৭)এর মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই মোটর সাইকেলে থাকা রোহান, আকাশ ও মহানন্দ রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মহানন্দ মন্ডলের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক শাকিলা আফরোজ তাকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরন করেছেন। থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, বিষয়টি শোনা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
