ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, খাল কাটা প্রকল্প সরকারের অগ্রাধিকার প্রকল্প। খাল কাটা কর্মসূচীর মাধ্যমে সাধারন মানুষ অধিক ফসল উৎপাদন করতে পারে এবং এলাকার জলাবদ্ধতা দূরীকরনে ব্যাপক ভূমিকা রাখে। মুহাদ্দিস আব্দুল খালেক আজ ১৩ এপ্রিল ২০২৬ রোজ সোমবার বিকাল ৪টায় দেবহাটা সদর ইউনিয়নের গোপাখালী এলাকায় ১০ফুটের খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি আরো বলেন, আমরা যে যাই দল করিনা কেন দেশ, জাতি ও এলাকার উন্নয়নে সর্বদা একসাথে কাজ করবো। তিনি এই খালসহ জেলার একাধিক খাল কাটা হবে উল্লেখ করে জানান, এই কাজে কোন গাফিলতি বা দূর্নীতি কেউ করবেনা আর এজন্য সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি। দেবহাটার গোপাখালী গ্রামে উপজেলা প্রশাসন ও সাতক্ষীরা বিএডিসি (সেচ) এর আয়োজনে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, সাধারন সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক, সাতক্ষীরা বিএনডিসির সহকারী প্রকৌশলী মোঃ ইবনেসিনা, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, সাবেক দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু তালেব বুলবুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, সাতক্ষীরা বিএডিসি(সেচ) এর বাস্তবায়নে ১.৮৫ কিলোমিটার উক্ত খালটি প্রায় ২৮ লক্ষ টাকা বরাদ্দে খনন করা হবে।
